আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা

487

ঢাকা সংবাদদাতা: সদ্য অনুষ্ঠিত হওয়া আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৮ ব্যাংকের সমন্বিত পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওইদিনের পরীক্ষা নিয়ে আহমেদ জামানকে নিয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে এ তদন্তের ফলাফল দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত ১২ই জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত রোববার প্রার্থীরা বিক্ষোভ করেন। তারা নয় দফা দাবি জানিয়েছেন। এসব দাবি মানা না হলে তারা আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত বছর সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ পরীক্ষাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা না করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। গত বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সে আদেশ স্থগিত করেন। এই আদেশের ফলে ওই তিন ব্যাংকসহ আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হয়। জ্যেষ্ঠ কর্মকর্তার (সাধারণ) ১ হাজার ৬৬৩টি শূন্য পদে ২ লাখ ১৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। গত শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়।