শ্রীমঙ্গলে তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, শীতে কাঁপছে মানুষ

539

মৌলভীবাজার জেলা তথা শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। মঙ্গলবার ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে ঠাণ্ডা হিমেল বাতাস। তাপমাত্রা বাড়লেও শীত যেন কমছে না।

শ্রীমঙ্গলে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. হারুনুর রশিদ বলেন, ‘মঙ্গলবার ৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। মাঝারি শৈত প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠাণ্ডা বাতাস বয়ে যাওয়ায় শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠছে। আরও দু-এক দিন এই অবস্থা বিরাজ করতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত যে কমে যাবে এমনটা নয়। কখনও শীতের তীব্রতা বাড়বে আবার কখনও কমবে, এই অবস্থা চলতে থাকবে। তবে কুয়াশা থাকলে তাপমাত্রা একটু বেশি থাকে, তারপরও শীত অনুভূত হয়।

অন্যদিকে ঠাণ্ডা বাতাস ও তীব্র শীতে কাতর হয়ে পড়েছে হাইল হাওর, হাকালুকি হাওর ও প্রত্যন্ত এলাকার মানুষ ও চা বাগানের চা শ্রমিকরা। গরম কাপড় মুড়িয়ে চলাফেরা করতে হচ্ছে পথঘাটে। হাসপাতালগুলোয় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠদের সংখ্যাই বেশি। তীব্র শীতের কারণে পথঘাট অনেকটা ফাঁকা থাকছে।’