ঢাকা সংবাদদাতা: স্বামীদের অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, এ ব্যাপারে স্ত্রীদের সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে প্রায় ১০টি মামলায় মূলত যাদের আসামি হওয়ার কথা, সেখানে তাদের স্ত্রীরাও আসামি হয়েছে। এটি একটি সামাজিক সমস্যা বলে মনে হয়েছে আমাদের কাছে। স্ত্রীদের জিজ্ঞেস করার পরে স্ত্রীরা বলে যে আমরা তো কিছুই জানি না। সামাজিকভাবে এই বিষয়টির ব্যাপারে কিছু করা যায় কি না, অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, স্ত্রীরা যাতে সাবধান হয়, সেই বিষয়টাতে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।’
এর আগে অবৈধ সম্পদ নিজের নামে থাকার দায়ে বেশ কয়েকজন অভিযুক্তের স্ত্রীকে আসামি করা হয়েছিল। বাদ পড়েননি মন্ত্রী ও সংসদ সদস্যদের স্ত্রীরাও। তবে এবার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান।
এর আগে গত বছর ইকবাল মাহমুদ জানিয়েছিলেন, নতুন বছরে খাতওয়ারি বড় বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।















