ইংল্যান্ডের জয়ের সমান ড্র

857

খেলাধূলা ডেস্ক: আবারও স্মিথ-বাধায় আটকে গেল ইংল্যান্ড। ক্যারিয়ারের ২৩তম টেস্ট সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনে যেন হিমালয়ের মতো দাঁড়ালেন। অস্ট্রেলিয়া সফরে যে প্রথম জয়ের স্বপ্নটা জো রুটের দল দেখছিল, স্মিথের ব্যাটে সেটি আর বাস্তব রূপ পেল না। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনের খেলা কিছু সময় বাকি থাকতেই দুই অধিনায়ক টেস্টটি অমীমাংসিত ঘোষণা করলেন।

দিন শেষে অর্জনটা কিন্তু ইংলিশদেরই। সিরিজে প্রথমবার কোনো টেস্ট শেষে মাথা উঁচু করে মাঠ ছাড়ল তারা। ৪ উইকেটে ২৬৩ রান করে ইনিংস ঘোষণা করেছেন স্মিথ। সঙ্গী মিচেল মার্শ অপরাজিত ছিলেন ২৯ রানে, স্মিথের নিজের সংগ্রহ ১০২।

দিনের শুরুতে ফিফটি তুলে নিয়েছিলেন আগের দিনের অপরাজিত ওপেনার ওয়ার্নার। স্মিথকে সঙ্গে নিয়ে তাঁর স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়েই ইঙ্গিত দিচ্ছিল—ড্রয়ের জন্য খেলছে অস্ট্রেলিয়া। বিরতি পর্যন্ত দারুণ খেলছিলেন ওয়ার্নার। মধ্যাহ্ন বিরতির আগেই অবশ্য দারুণভাবে খেলায় ফিরেছিল ইংল্যান্ড। অনিয়মিত অফ স্পিনার রুটকে উড়িয়ে মারতে গিয়ে জেমস ভিন্সের হাতে ধরা পড়েন তিনি। ছয় ওভার পর আউট হলেন শন মার্শ, স্টুয়ার্ট ব্রডের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়েছেন তিনি। শেষ দিনের শেষ সেশনে তখন জমজমাট লড়াইয়ের আভাস।

সব উত্তেজনা আর রোমাঞ্চে জল ঢেলে দেন স্মিথ আর ‘ছোট’ মার্শ, মিচেল। ক্যারিয়ারের শুরুতে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ খেতাব পাওয়া মিচেল ২৯ রান করতে ১৬৬ বল খেলেছেন। খেলা শেষ করতে এই জুটি ২৯০ বল খেলেছেন, রান যোগ করেছেন ৮৫। টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম সময়ে ২৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন স্মিথ। ১১০ ইনিংসে এই মাইলফলক অর্জন করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ইতিহাসে এর চেয়ে দ্রুততর সময়ে ২৩টি সেঞ্চুরি করেছিলেন কেবল ডন ব্র্যাডম্যান (৫৯) ও সুনীল গাভাস্কার (১০৯)। এই সিরিজের ৭ ইনিংসে এখন পর্যন্ত ৬২০ রান করেছেন তিনি, গড় ৮৮.৫৭! রিকি পন্টিংয়ের পর ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ছয়টি সেঞ্চুরি করলেন স্মিথ।

২৪৪ রানের রেকর্ড ভাঙা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অ্যালিস্টার কুক। এই ড্রও রুটদের কাছে জয়ের সমান। ধবলধোলাইয়ের হাত থেকে যে বেঁচে গেল ইংল্যান্ড। আগামী ৪ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট শুরু হবে সিডনিতে।