চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার একটি বাসা থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলু আক্তার ইয়াসমিন (২৪) আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণার কথা জানালেও পরিবারের সদস্যদের দাবি, নিলুকে হত্যার পর লাশ বাথরুমের সিলিংয়ের ঝুলিয়ে দেয় তার স্বামী।
বায়েজিদ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদের পানির কল এলাকার বাসার বাথরুম থেকে সিলিংয়ের সঙ্গে ঝুলানো অবস্থায় নিলুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর রিকশাচালক স্বামী আনোয়ার পলাতক রয়েছেন।
স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল জানিয়ে ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার জের ধরে নিলু আত্মহত্যা করে থাকতে পারেন।
তিনি বলেন, “শুক্রবার রাতে নিলুর এক বান্ধবী তাদের কাছে বেড়াতে এসে বাসায় ছিল। ভোর বেলায় ঘরের বাথরুমের সিলিংয়ের সাথে ঝোলানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।”
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে ধারণার কথা জানিয়ে ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিলুর বান্ধবীকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার স্বামী আনোয়ার পলাতক রয়েছে।
এ ঘটনাকে হত্যা দাবি করে নিলুর ভাই মোহাম্মদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার বছর আগে নিলুর সাথে আনোয়ারের বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি হত।
রাতে নিলুকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় দাবি করে ফারুক বলেন, “আমরা এ ঘটনায় থানায় হত্যার অভিযোগ করব।”















