গাছের সঙ্গে ধাক্কায় বাস চুরমার: নিহত ৪

528

ঢাকা সংবাদদাতা: বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলায় তাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সাদ্দাম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের বিহারপুর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের তিনজন বাসযাত্রী ও একজন এলাকার ভাটাশ্রমিক। নিহত যাত্রী তিনজনের পরিচয় জানা যায়নি। তবে ভাটা শ্রমিকের নাম জব্বার আলী (৫৫)। তার বাড়ি উপজেলার হাররামপুর গ্রামে। তাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশ জানিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।