ঢাকা সংবাদদাতা: কারাবন্দিরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য দেশে প্রথমবারের মতো জামদানি উৎপাদন কেন্দ্র ও পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়ার উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে, ‘রিজিলয়ান্স’। কারাগারের ভেতরে দেখা যায়, ছয় হাজার বর্গফুট আয়তনের কারখানাটির ওপর টিনের ছাউনি। কারখানায় পণ্য উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং, নিটিংসহ নানা ধরনের কাজ হবে। একসঙ্গে ৩৫০ জন বসে কাজ করতে পারবেন।
কারাবন্দিদের উৎপাদিত পণ্য বেচে যে মুনাফা পাওয়া যাবে, তা তাদেরই নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে। বন্দিরা উপার্জিত টাকা যাবে তাদের পরিবারের কাছে। তবে প্রশিক্ষণের জন্য ছাড়া এই পোশাক কারখানায় বাইরের কাউকে আনা হবে না।
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, বন্দিদের সংশোধন ও পুনর্বাসন জন্য জেলা কারাগারের ছয় হাজার বর্গফুটে আয়তনের পোশাক কারখানা ও এক হাজার বর্গফুট জায়গায় জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র করা হয়েছে। আমাদের দেশে কারাগারে ভেতরে এটাই প্রথম পোশাক কারখানা। এখানকার বন্দিদের উৎপাদিত পণ্য ‘আড়ং’ এ সরবরাহ করা হবে।















