রাজধানীর শ্যামপুরে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৭

461

ঢাকা সংবাদদাতা: রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান একটি বাট্টিতে ভাঙারির জিনিস গলানোর কড়াই বিস্ফোরণের ঘটনায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দগ্ধ সবাই শ্রমিক। তারা হলেন, নজরুল, গাফফার, আহমেদ আলী, জামাল, সোহেল, রমজান ও শামীম।

ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। নজরুল, গাফফার ও আহমেদ আলী চিকিৎসাধীন আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, নজরুলের শরীরের ১৫ শতাংশ এবং গাফফার ও আহমেদ আলীর শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।