পার্কের ময়লার ব্যাগে বৃদ্ধার লা*শ, তদন্তে নতুন মোড়…

27

সাইফ হাসান: যুক্তরাজ্যের লিভারপুলের একটি পার্ক থেকে ময়লার ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লা*শের তদন্তে নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ। গত ২৮ আগস্ট স্ট্যানলি পার্ক থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধারের পর এটিকে একটি পরিকল্পিত খু*ন হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়। নিহত নারীর মুখে কোনো দাঁত না থাকায় প্রচলিত পদ্ধতিতে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সহায়তায় ওই নারীর মুখমণ্ডলের একটি কম্পিউটার জেনারেটেড ছবি তৈরি করে প্রকাশ করেছে মার্সিসাইড পুলিশ।

পুলিশের ধারণা, গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ৬০ থেকে ৮০ বছর বয়সী ওই নারীর মরদেহ পার্কের ভেতরে পড়ে ছিল। তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট র‍্যাচেল উইলসন জানিয়েছেন, ওই নারী অপুষ্টিতে ভুগছিলেন এবং তার অস্টিওপরোসিস, আর্থ্রাইটিস ও সিওপিডির মতো শারীরিক জটিলতা ছিল। দাঁতের রেকর্ড না থাকায় লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ফেস ল্যাবের বিশেষজ্ঞরা তার মুখের এই প্রতিরূপ তৈরি করেছেন, যারা ২০১২ সালে রাজা তৃতীয় রিচার্ডের মুখাবয়ব তৈরি করে পরিচিতি পেয়েছিলেন।

তদন্তকারীরা ইতিমধ্যে সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে ১২৬ জন নিখোঁজ নারীর তালিকা যাচাই-বাছাই করে বাদ দিয়েছেন। এছাড়া ন্যাশনাল ক্রাইম এজেন্সির সহায়তায় শত শত ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। গত ১৩ জুলাইয়ের আগে কেউ ওই নারীকে দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে পুলিশ অথবা ক্রাইমস্টপার্সে গোপনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট র‍্যাচেল উইলসন জানান, ফেস ল্যাবের দলটি অত্যন্ত দক্ষতার সাথে এই ছবিটি তৈরি করেছে যা ওই নারীর চেহারার খুব কাছাকাছি। তিনি আক্ষেপ করে বলেন, পার্কের ময়লার ব্যাগে পড়ে থাকা এই নারীকে তারা একটি নাম ও পরিচয় দিতে চান এবং এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

#যুক্তরাজ্যসংবাদ #লিভারপুল #অপরাধতদন্ত #aknews #onebanglanews