সাইফ হাসান: যুক্তরাজ্যের লন্ডনে রিমেমব্রেন্স ডে উপলক্ষে চলাচলকারী একটি ঐতিহ্যবাহী স্টিম ট্রেনের ধাক্কায় এক পথচারী নি*হত হয়েছেন। বুধবার ১১ নভেম্বর ইলিং ও সাউথহলের মধ্যবর্তী হ্যানওয়েল স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ব্রিটিশ রেলওয়ের ইতিহাসে গত ৫৮ বছরের মধ্যে স্টিম ইঞ্জিনের ধাক্কায় এটিই প্রথম কোনো মৃ*ত্যুর ঘটনা। এই ঘটনার পরপরই নির্ধারিত বিশেষ ট্রেন যাত্রাটি বাতিল করা হয় এবং ওই রুটে দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল ব্যাহত থাকে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃ*ত্যু হয়েছে এবং এতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ৩৪০২৮ এডিস্টোন নামের স্টিম লোকোমোটিভটি যাত্রী তোলার উদ্দেশ্যে লন্ডন ভিক্টোরিয়া স্টেশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হ্যানওয়েল স্টেশনের রেললাইনে ওই পথচারী ট্রেনটির নিচে কাটা পড়েন। খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এবং ঠিক তখনই প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে একজনকে ট্রেনের সামনে ঝাঁপ দিতে দেখেন। তার মতে, হ্যানওয়েল স্টেশনে কোনো টিকিট ব্যারিয়ার না থাকায় প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এমন ভয়াবহ দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।
রেলওয়ে ট্যুরিং কোম্পানির পরিচালনায় আর্মিস্টিস স্টিম এক্সপ্রেস নামের এই বিশেষ ট্রেনটির বুধবার সকাল ৯টা ৫ মিনিটে লন্ডন ভিক্টোরিয়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ১১৫ পাউন্ড টিকিট মূল্যের এই বিশেষ ভ্রমণটি দুর্ঘটনার পরপরই বাতিল ঘোষণা করা হয়। ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, ট্যুর শুরু হওয়ার আগেই ঘটনাটি ঘটায় কোনো যাত্রী এতে হতাহত হননি এবং যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
ইঞ্জিনটির মালিকানাধীন প্রতিষ্ঠান সাউদার্ন লোকোমোটিভস লিমিটেড এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা নিহত ব্যক্তির পরিবার এবং এই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া ট্রেন ক্রুদের প্রতি সমবেদনা জানিয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্যে সাধারণ যাত্রী পরিবহনে এখন আর স্টিম ইঞ্জিন ব্যবহৃত না হলেও বিশেষ দিবস ও ঐতিহ্যবাহী আয়োজনে এগুলো চালানো হয়।
#লন্ডনসংবাদ #রেলদুর্ঘটনা #যুক্তরাজ্য #aknews #onebanglanews















