সাইফ হাসান: ইংল্যান্ডের হাসপাতালগুলোর জরুরি বিভাগে শিশুদের শারীরিক অবস্থা দ্রুত শনাক্ত করতে বিশ্বের বৃহত্তম প্রাথমিক সতর্কতা ব্যবস্থা চালু করছে এনএইচএস। ‘পিউস’ নামের এই বিশেষ পদ্ধতিতে র*ক্তচাপ, হৃৎস্পন্দন ও অক্সিজেনের মাত্রার মতো গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পরিমাপ করা হবে। শীত মৌসুমের আগেই ইংল্যান্ডের জরুরি বিভাগগুলোতে এটি পুরোপুরি কার্যকর করা হচ্ছে। এর মাধ্যমে চিকিৎসকরা শিশুদের যেকোনো জটিল শারীরিক অবনতি দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবেন। দেশটিতে প্রতি বছর প্রায় ৬০ লাখ শিশু জরুরি বিভাগে সেবা নিতে আসে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পেডিয়াট্রিক আর্লি ওয়ার্নিং সিস্টেম বা পিউস মূলত একটি বিশেষ স্কোরিং পদ্ধতি। এর আওতায় শিশুদের রক্তচাপ, হৃৎস্পন্দন, শ্বাসপ্রশ্বাস ও সচেতনতার স্তর পর্যবেক্ষণ করে একটি স্কোর নির্ধারণ করা হয়, যার মাধ্যমে কর্মীরা বুঝতে পারেন শিশুর অবস্থা কতটা অবনতির দিকে যাচ্ছে। শিশুদের বয়স অনুযায়ী আলাদা চার্ট তৈরি করা হয়েছে, যাতে ব্যস্ত জরুরি বিভাগেও চিকিৎসকরা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তা ডানকান বার্টন জানিয়েছেন, জরুরি বিভাগে শিশুদের অবস্থার অবনতি খুব দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, এই সমন্বিত উদ্যোগ স্বাস্থ্যকর্মীদের বিপদ সংকেত বুঝে সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে। একই সঙ্গে শিশুর অভিভাবক বা যত্নকারীদের যেকোনো উদ্বেগকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
রয়্যাল কলেজ অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথের নীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. মাইক ম্যাককিন এবং রয়্যাল কলেজ অব নার্সিংয়ের অধ্যাপক লিন উলসি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, শীতকালীন চাপের আগেই জরুরি বিভাগে এই পদ্ধতি চালু হওয়া শিশুদের সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। তবে এ পদ্ধতি কার্যকর রাখতে পর্যাপ্ত নার্স নিয়োগ ও যথাযথ প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছেন অধ্যাপক লিন উলসি।
বর্তমানে ইংল্যান্ডের ৯০টিরও বেশি হাসপাতালের ইনপেশেন্ট বিভাগে এই পদ্ধতি সফলভাবে ব্যবহার করা হচ্ছে। এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, যেসব হাসপাতালে এটি চালু রয়েছে সেখানে শিশুদের জটিল কার্ডিয়াক সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়া জরুরি বিভাগে শিশুদের করিডোরে রেখে চিকিৎসার অবসান ঘটাতেও নতুন মানদণ্ড তৈরির কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
#যুক্তরাজ্যস্বাস্থ্য #এনএইচএস #শিশুচিকিৎসা #aknews #onebanglanews















