সাইফ হাসান: যুক্তরাজ্যে একের পর এক দুর্যোগের কারণে জনজীবন চরম বি*পর্যয়ের মুখে পড়েছে। মৌসুমের প্রথম ঝড় অস্টিনের রেশ কাটতে না কাটতেই এবার আছড়ে পড়েছে দ্বিতীয় শক্তিশালী ঝড় বোয়েলো। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মাইল বেগে দমকা হাওয়ার আশঙ্কায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডজুড়ে অ্যাম্বার সতর্কতা জারি করেছে মেট অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডাবলিনে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি লন্ডনের দেওয়ালি উদযাপনসহ একাধিক আয়োজন বাতিল করা হয়েছে। যেকোনো ধরনের ঝুঁ*কি এড়াতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
যুক্তরাজ্যের আবহাওয়া দফতর মেট অফিস জানিয়েছে, শনিবার রাত ৯টা থেকে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডের কার্লাইল পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যাম্বার ওয়ার্নিং’ কার্যকর হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে এবং উন্মুক্ত স্থানে ৬০ থেকে ৭০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর আগে শুক্রবার আঘাত হানা প্রথম ঝড় অস্টিনের কারণে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল হাজার হাজার ঘরবাড়ি, যা শনিবার সন্ধ্যা নাগাদ পুনঃসংযোগ দেওয়া হয়।
ঝড়ের প্রভাবে উইল্টশায়ারের হোয়াইট ব্যারোতে ৭২ মিলিমিটার এবং উত্তর ওয়েলস ও স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ৪৩ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইংল্যান্ডের পরিবেশ অধিদপ্তর অন্তত ১২টি স্থানে বন্যার পূর্বাভাস এবং ৫৮টি স্থানে সতর্কতা জারি করেছে। মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ জেসন কেলি জানান, এই সপ্তাহান্তে পুরো যুক্তরাজ্যেই ঝড়ের প্রভাব অনুভূত হবে, যার ফলে বিশেষ করে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল।
ঝড় বোয়েলোর কারণে ইতোমধ্যেই আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে অন্তত ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অবতরণে ব্যর্থ হয়ে ছয়টি ফ্লাইটকে পুনরায় চক্কর দিতে হয়েছে। অন্যদিকে রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতে বাগান থেকে উড়ে আসা ট্রাম্পোলিন ও শেডের ছবি প্রকাশ করে সতর্কতা জানিয়েছে নেটওয়ার্ক রেল। রেল কর্তৃপক্ষ জানায়, লাইনের পাশের বাসিন্দাদের উচিত তাদের খোলা উঠানের ভারী সামগ্রী শক্তভাবে বেঁধে রাখা, যাতে ট্রেনের চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়।
প্রতিকূল আবহাওয়ার কারণে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে একাধিক বড় উৎসব স্থগিত করা হয়েছে। লিভারপুলের জনপ্রিয় ‘রিভার অব লাইট’ উৎসব এবং লন্ডনের ট্রাফালগার স্কয়ারের ঐতিহ্যবাহী দেওয়ালি উদযাপন বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিখ্যাত এডিনবরা দুর্গ এবং উত্তর ইয়র্কশায়ারের ফাউন্টেনস অ্যাবে এস্টেট।
#যুক্তরাজ্য #ঝড়_বোয়েলো #আবহাওয়া_বার্তা #aknews #onebanglanews















