সাইফ হাসান: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনায় চলতি বছরের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার মাত্র ১০টি ছোট নৌকায় চেপে ৭৮১ জন অভিবাসী দেশটির উপকূলে পৌঁছান। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অনুপ্রবেশের ঘটনা। নৌকায় ওঠার সময় ফ্রান্সে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মা\রা গেছেন। তবে এত কিছুর পরও গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর অনুপ্রবেশের হার প্রায় ৪২ শতাংশ কম বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
যুক্তরাজ্যের হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ১৮ হাজার ৫৬৫ জন মানুষ ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন। বুধবার যে নৌকাগুলো এসেছে, তার মধ্যে নরমান্ডি থেকে ছেড়ে আসা একটি ছোট নৌকায় ৫১ জন যাত্রী ছিলেন এবং তারা সমুদ্রে প্রায় ৩৩ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর একদিনে ৮০৩ জন যুক্তরাজ্যে পৌঁছেছিলেন।
লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল জানিয়েছেন, সরকার সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং বিপুল প্রচেষ্টার কারণে অনুপ্রবেশ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। তবে রাতারাতি কোনো সুইচের মাধ্যমে এই বিপজ্জনক যাত্রা পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয় বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিল্প সরকারের নীতি ব্যর্থ দাবি করে পৌঁছামাত্রই সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।
ফোকস্টোনের কাছে কোনো বাধা ছাড়াই পরপর দুটি নৌকা তীরে পৌঁছানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি এই ঘটনায় নিরাপত্তা পর্যালোচনা করার জরুরি নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন যে নজর এড়িয়ে এমন অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
#যুক্তরাজ্যসংবাদ #অভিবাসী #ইংলিশচ্যানেল #aknews #onebanglanews














