শীতের খরচের জন্য ৩০০ পাউন্ড পাচ্ছেন ব্রিটিশ প্রবীণরা

71

সাইফ হাসান: যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ বা ডিডব্লিউপি থেকে আশি বা তার বেশি বয়সী প্রবীণদের ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ৩০০ পাউন্ড পর্যন্ত পৌঁছাতে শুরু করেছে। চলতি শীত মৌসুমে ঘর গরম রাখার খরচ মেটাতে ‘উইন্টার ফুয়েল পেমেন্ট’ কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলসের যোগ্য পেনশনভোগীরা কোনো ধরনের আবেদন ছাড়াই চলতি নভেম্বর মাসের মাঝামাঝি থেকে এই সহায়তা পাচ্ছেন। তবে ব্যক্তির বয়স ও পারিবারিক পরিস্থিতির ওপর ভিত্তি করে সহায়তার এই পরিমাণ একশ থেকে তিনশ পাউন্ড পর্যন্ত হতে পারে। যাদের বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের বেশি তাদের ক্ষেত্রে এই টাকা স্বয়ংক্রিয়ভাবে কর সমন্বয়ের মাধ্যমে ফেরত নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, ১৯৬০ সালের ২৭ জুনের আগে যাদের জন্ম তারা এই শীতকালীন ভাতার আওতায় পড়বেন। এর মধ্যে ১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বরের পূর্বে জন্ম নেওয়া অর্থাৎ আশি বছর বা তার বেশি বয়সী একা বসবাসকারী প্রবীণরা সর্বোচ্চ ৩০০ পাউন্ড পাবেন। অন্যদিকে আশি বছরের নিচে একা থাকা ব্যক্তিরা পাবেন ২০০ পাউন্ড এবং যৌথভাবে বসবাসকারীদের ক্ষেত্রে এই অংক ভিন্ন হতে পারে।

ডিডব্লিউপি জানিয়েছে, গত মাস থেকেই যোগ্য ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো হয়েছে যেখানে অর্থের পরিমাণ ও প্রদানের তারিখ উল্লেখ রয়েছে। স্টেট পেনশন, পেনশন ক্রেডিট, ইউনিভার্সাল ক্রেডিট, পিআইপি, অ্যাটেনডেন্স অ্যালাউন্সসহ মোট ১২টি সরকারি সুবিধার যেকোনো একটি যারা গ্রহণ করছেন, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে এই টাকা জমা হবে। তবে যারা এর আগে কখনো এই সুবিধা পাননি বা স্টেট পেনশন পিছিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়বে।

যাদের মোট বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের বেশি, দেশটির কর কর্তৃপক্ষ এইচএমআরসি তাদের কাছ থেকে ট্যাক্স কোড পরিবর্তন বা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেবে। চলতি বছরের ভাতা বাতিল করার সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেলেও আগামী বছরের সহায়তার জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে অপ্ট-আউটের সুযোগ চালু হবে। এছাড়া কোনো কারণে কেউ পুনরায় এই সুবিধা চালু করতে চাইলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে উইন্টার ফুয়েল পেমেন্ট সেন্টারে যোগাযোগ করতে হবে।

#যুক্তরাজ্যনিউজ #পেনশন #শীতকালীনভাতা #aknews #onebanglanews