বিনোদন ডেস্ক: ১৯৬২ সালে নির্মিত ০০৭ জেমস বন্ড সিরিজের ড. নো ছবিতে অভিনয় করে ‘বন্ড গার্ল’ হিসেবে খ্যাতি পাওয়া ইউনেস গেসন মারা গেছেন বলে জানিয়েছেন বন্ড সিরিজের প্রযোজক মাইকেল জে উইলসন ও বারবারা ব্রোকলি।
গত শুক্রবার (৮ জুন) ৯০ বছর বয়সে এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা শুনে মর্মাহত হলাম যে, আমাদের প্রিয় প্রথম বন্ড গার্ল মারা গেছেন। তিনি আমাদের দুটি ছবিতে কাজ করেছিলেন।’
ব্রিটিশ অভিনেত্রী গেসনের জন্ম ১৯২৮ সালের ১৭ মার্চ, যুক্তরাজ্যের সারেতে। তিনি বেশ কিছু ছবিতে কাজ করেছিলেন। এর মধ্যে রয়েছে ১৯৫৮ সালে হ্যামার হররর নির্মিত ‘দি রিভেঞ্জ অব ফ্রাংকেনস্টাইন’ ছবিতে। এর পরই তিনি জেমস বন্ডে কাজ করতে শুরু করেন।
ইউনেস গেসন, ১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ড. নো’ ছবিতে সিলভিয়া ট্রেনচ নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরের বছর ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ চলচ্চিত্রেও দেখা গিয়েছিল তাকে।
বন্ড ছবির পর তিনি বেশ কয়েকটি টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘দ্য সেইন্ট’ এবং ‘দ্য এভেঞ্জার্স’।
সূত্র: বিবিসি












