সাইফ হাসান: যুক্তরাজ্যে প্রতারণা ও কর ফাঁকির চাঞ্চল্যকর অপ*রাধে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাশফিল্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলের নেতা জেসন জাডরোজনি। নটিংহ্যামশায়ার কাউন্টি কাউন্সিল থেকে ভুয়া হেরিটেজ সোসাইটি দেখিয়ে হাজার হাজার পাউন্ড আত্মসাৎ এবং চারটি ভাড়া বাড়ির কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। নর্থহ্যাম্পটন ক্রাউন কোর্টে প্রায় ১১ ঘণ্টা বিচার বিশ্লেষণের পর জুরি বোর্ড তাকে নয়টি জালিয়াতি ও চারটি কর ফাঁকির অভিযোগে দোষী ঘোষণা করে। আগামী ২৭ নভেম্বর এই রাজনৈতিক নেতার সাজা ঘোষণা করবেন আদালত।
আদালতের নথি থেকে জানা যায়, ৪৬ বছর বয়সী জেসন জাডরোজনি ২০১৮ সালে ‘অ্যাশফিল্ড হেরিটেজ সোসাইটি’ নামে একটি নামসর্বস্ব ভুয়া সংগঠন খোলেন। ব্যাংক অ্যাকাউন্ট করার মাত্র তিন দিনের মাথায় ঐতিহ্যবাহী প্রকল্প বাস্তবায়নের নামে কাউন্টি কাউন্সিল থেকে সাড়ে সাত হাজার পাউন্ড অনুদান নেন তিনি। পরে সেই সরকারি অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করে নগদ তুলে নেওয়া হয়, যার একাংশ বন্ধুদের সঙ্গে বাড়ি কেনার কাজে ব্যবহার করেন তিনি।
২০২১ সালের মার্চে ক্যাথরিন মেসন নামের এক স্থানীয় রাজনীতিক কাউন্সিলের খরচ খতিয়ে দেখতে গিয়ে এই ভুয়া সংগঠনের আর্থিক অনিয়ম প্রকাশ্যে আনেন। পরে বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুরো জালিয়াতি চক্রটি উন্মোচিত হয়। বিচারে জাডরোজনি নিজেকে নির্দোষ দাবি করে দাবি করেন, আবেদনপত্রে ভুলে কিছু ভুল তথ্য গিয়েছিল এবং উত্তোলিত অর্থ তিনি এক প্রয়াত কাউন্সিলরকে স্থানীয় স্মৃতিস্তম্ভ মেরামতের জন্য দিয়েছিলেন।
নর্থহ্যাম্পটন ক্রাউন কোর্টের বিচারক ডেভিড হারবার্ট জানান, জনগণের বিশ্বাসের গুরুতর অবমাননা করায় এই অপকর্মের জন্য জাডরোজনির সরাসরি কারাদণ্ড পাওয়ার বড় ঝুঁকি রয়েছে। তবে সাজা ঘোষণার দিন পর্যন্ত তাকে শর্তহীন জামিন দিয়েছেন আদালত। অন্যদিকে অ্যাশফিল্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের রায়ের বিষয়টি অবগত আছেন এবং যথাযথ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
#যুক্তরাজ্য #রাজনীতি #অপরাধ #aknews #onebanglanews















