সাইফ হাসান: অপহ*রণের পর আটকে রেখে চরম নির্যাতন চালানো হচ্ছিল এক যুবকের ওপর। মৃত্যুর মুখ থেকে বাঁচতে দোতলার জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন তিনি। এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে উঠে কোনোমতে নিজের প্রাণ রক্ষা করেন। রোমহর্ষক এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
ব্রিটেনের লিংকন ক্রাউন আদালতে সম্প্রতি এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হয়েছে। পুরোনো একটি সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে ২০২৫ সালের ৪ জুলাই এক ব্যক্তিকে কৌশলে মার্কেট রেসেন এলাকার একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই তাকে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা অমানবিক নির্যাতন চালানো হয় এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে অভিযুক্তরা।
পরদিন সকালে একটি পিকআপ ভ্যানে করে ভুক্তভোগীকে লিংকন শহরের আরেকটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে বন্দি রাখা হয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে সুযোগ বুঝে দোতলার জানালা দিয়ে পাশের একটি গাছে ঝাঁপ দেন ওই যুবক। গাছ থেকে মাটিতে নেমে তিনি দৌড়ে রাস্তায় চলে আসেন।
ঠিক সেই মুহূর্তেই রাস্তায় টহলে থাকা একটি পুলিশ ভ্যান দেখতে পান তিনি। দ্রুত গাড়ির দিকে ছুটে গিয়ে বাঁচার আকুতি জানালে পুলিশ সদস্যরা কালবিলম্ব না করে তাকে উদ্ধার করেন। তদন্ত কর্মকর্তা জানান, নিজের জীবন বাঁচাতে চরম ঝুঁকি নিয়েছিলেন ওই ব্যক্তি এবং দৈবক্রমে পুলিশের উপস্থিতি তার জীবন রক্ষা করেছে।
আদালত অপহরণ ও বেআইনিভাবে আটকে রাখার দায়ে ব্র্যাডলি রেনিয়ার্ড ও জ্যাকসন নিকোলসনকে নয় বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ক্রেইগ রেনিয়ার্ডকে পাঁচ বছর তিন মাস, ড্যানিয়েল থম্পসনকে চার বছর নয় মাস এবং নাথান গ্ল্যাডওয়েলকে তিন বছর সাত মাসের জেল দেওয়া হয়েছে।
#aknews #onebanglanews #ব্রিটেনসংবাদ #আন্তর্জাতিকখবর #অপরাধখবর















