সাইফ হাসান: যুক্তরাজ্যের সাফোকের একটি থিম পার্কে যান্ত্রিক ত্রুটির কারণে রোলারকোস্টারে আটকে পড়া ২৭ জন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন দমকলকর্মীরা। সোমবার দুপুরে প্রায় তিন ঘণ্টা ধরে মাটি থেকে প্রায় ১৫ মিটার উঁচুতে আটকে ছিলেন তাঁরা। লোস্টফটের প্লেজারউড হিলস নামের থিম পার্কে এই ঘটনা ঘটে। পরে জরুরি সেবা বিভাগের কর্মীরা মই ব্যবহার করে তাঁদের নিরাপদে নামিয়ে আনেন।
সাফোক ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৬ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ‘ওয়াইপআউট’ নামের রোলারকোস্টারটির বগিগুলো মাঝপথে হঠাৎ থমকে যায়। তবে বগিগুলো উল্টো অবস্থায় না থাকায় আরোহীরা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। বিকেল ৫টা ১০ মিনিটের মধ্যে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় এবং এতে কেউ আ*হত হননি।
পার্কে ঘুরতে আসা প্রত্যক্ষদর্শী রিচার্ড লাইনস জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোলারকোস্টারটি সামনে-পেছনে কিছুক্ষণ দুলে মাঝপথে আটকে যায়। দমকলকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষ মই ব্যবহার করে একে একে সবাইকে নামিয়ে আনেন। দীর্ঘ তিন ঘণ্টা উঁচুতে আটকে থাকায় যাত্রীদের জন্য বিষয়টি বেশ অস্বস্তিকর ও ভীতিজনক ছিল।
প্লেজারউড হিলস কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। তারা জানায়, দর্শনার্থীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। চরম ধৈর্যের পরিচয় দেওয়ায় আরোহী ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে প্রশংসাসূচক টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
#যুক্তরাজ্যনিউজ #উদ্ধারঅভিযান #আন্তর্জাতিকসংবাদ #aknews #onebanglanews















