সাইফ হাসান: লন্ডনে বাস ও ট্রামের ভাড়া বাড়ানো হয়েছে। ২০২৩ সালের পর এই প্রথম শহরটিতে গণপরিবহনের ভাড়া বাড়াল ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল। নতুন নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিটি ভ্রমণের ভাড়া ১০ পেন্স বাড়িয়ে এক পাউন্ড ৮৫ পেন্স নির্ধারণ করা হয়েছে। এই মূল্যবৃদ্ধি এক ঘণ্টার আনলিমিটেড ভ্রমণ সুবিধা দেওয়া হপার ফেয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ভাড়া বাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডনের সাধারণ যাত্রীরা।
টিএফএলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের বাসে একক ভাড়ার পাশাপাশি কনসেশন কার্ডধারীদের ভাড়াও পাঁচ পেন্স বাড়ানো হয়েছে। তবে টিউব, রেল এবং ট্রাভেল কার্ডের ভাড়ার সীমা আগামী বছরের মার্চ পর্যন্ত অপরিবর্তিত রাখা হবে। এর আগে চলতি বছরের শুরুর দিকে লন্ডনের মেয়র সাদিক খান জীবনযাত্রার ব্যয় সামাল দিতে বাস ও ট্রামের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন।
পরিবহন সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ভাড়া থেকে প্রাপ্ত অর্থ লন্ডনের পরিবহন ব্যবস্থার মানোন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে। তিনি আরও দাবি করেন, পুরো যুক্তরাজ্যের মধ্যে লন্ডনের বাস ভাড়া এখনো অন্যতম সর্বনিম্ন এবং গত এক দশকে এটি মাত্র তৃতীয়বারের মতো বাড়ানো হলো। মুখপাত্রের মতে, বর্তমান মূল্যস্ফীতির হারের তুলনায় এই ভাড়া এখনো প্রায় ১৭ শতাংশ কম রয়েছে।
এদিকে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা। অনেকেই অভিযোগ করে বলছেন, অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও বাসের সেবার মান দিন দিন খারাপ হচ্ছে এবং সময়মতো বাস পাওয়া যায় না। তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, লন্ডনের বাইরের শহরগুলোর তুলনায় এখানকার পরিবহন ব্যবস্থা এখনো অনেক বেশি সাশ্রয়ী।
#লন্ডনসংবাদ #বাসভাড়া #টিএফএল #aknews #onebanglanews















