বিমানে স্বামীর মৃ*ত্যু এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

41

সাইফ হাসান: মাঝআকাশে ভয়াবহ ঝাঁকুনির কবলে পড়ে স্বামীর মৃ*ত্যু এবং নিজের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ব্রিটিশ নারী। ২০২৪ সালের মে মাসে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রায় ছয় হাজার ফুট নিচে নেমে আসা উড়োজাহাজের তীব্র ঝাঁকুনিতে ৭৩ বছর বয়সী জিওফ কিচেন গুরুতর আ*ঘাতে মা\রা যান। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিবন্ধকতার ক্ষতিপূরণ চেয়ে তার ৭৪ বছর বয়সী স্ত্রী লিন্ডা কিচেন যুক্তরাজ্যের হাইকোর্টে আইনি পদক্ষেপ নিয়েছেন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় ছয় সপ্তাহের দীর্ঘ ছুটিতে যাচ্ছিলেন এই দম্পতি। কিন্তু মিয়ানমারের আকাশসীমায় পৌঁছালে ফ্লাইটটি হঠাৎ চরম টার্বুলেন্সের মধ্যে পড়ে এবং তীব্র গতিতে নিচে নেমে যেতে থাকে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে থাইল্যান্ডের ব্যাংককে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।

দুর্ঘটনার বর্ণনায় লিন্ডা কিচেন জানান, প্রায় দশ ঘণ্টা ভ্রমণের পর হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয় এবং মনে হচ্ছিল উড়োজাহাজটি নিচে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে তার স্বামী ভারসাম্য হারিয়ে তার ওপর আছড়ে পড়েন এবং তিনি আর্মরেস্টের সঙ্গে চেপে গিয়ে মেরুদণ্ডে মারাত্মক চোট পান। বিমানের ভেতরেই একজন চিকিৎসকের মাধ্যমে জিওফকে জরুরি সিপিআর দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গুরুতর আহত লিন্ডাকে ব্যাংককের হাসপাতালে দশ দিন চিকিৎসার পর যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয়। তার আইনজীবী অ্যান্থে কোরেলিডো জানিয়েছেন, ঘটনার দুই বছরের বেশি সময় পার হলেও দুর্ঘটনা রোধে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, তা নিয়ে পরিবারের মনে গভীর সংশয় রয়েছে। এই আইনি লড়াইয়ের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার নিশ্চিত করাই পরিবারের মূল লক্ষ্য।

#আন্তর্জাতিকসংবাদ #সিঙ্গাপুরএয়ারলাইন্স #যুক্তরাজ্যসংবাদ #aknews #onebanglanews