রানওয়ে ত্রুটিতে ব্রিস্টল বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত

27

সাইফ হাসান: রানওয়েতে ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যের ব্রিস্টল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত রানওয়ে বন্ধ থাকায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। পরে রানওয়ে পুনরায় চালু হলেও অধিকাংশ ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। আকস্মিক এই বিশৃঙ্খলায় ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

যুক্তরাজ্যের ব্রিস্টল বিমানবন্দরে রানওয়েতে ত্রুটি ধরা পড়ার পর শুক্রবার ব্রিটিশ সময় সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখা হয়। এতে শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। পরবর্তীতে রানওয়ে মেরামতের পর পুনরায় তা চালু করা হলেও অধিকাংশ ফ্লাইট এখনও বিলম্বিত কিংবা বাতিল করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পরিদর্শনের সময় রানওয়েতে এই ত্রুটি সনাক্ত করা হয়। তবে এই ঘটনার সঙ্গে কোনো উড়োজাহাজের সরাসরি সংযোগ ছিল না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাতের মধ্যেই প্রয়োজনীয় মেরামতের কাজ শেষ করে শনিবার সকালে রানওয়ে পুনরায় সচল করা হয়।

গ্রিসের রডস দ্বীপ থেকে ব্রিস্টলে ফেরার পথে ফ্লাইট ঘুরিয়ে নিউক্যাসলে নিয়ে যাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন ডেভ ব্ল্যাকওয়েল নামের এক যাত্রী। তিনি জানান, তথ্য ছাড়া কয়েক ঘণ্টা অপেক্ষা করানোর পর তাদের নিউক্যাসলে নামানো হয় এবং সেখান থেকে বাসে দীর্ঘ যাত্রার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। একইভাবে ছেলের ২০তম জন্মদিনে গ্লাসগো যাওয়ার কথা থাকলেও সঠিক সহায়তা না পেয়ে যাত্রা বাতিল করতে হয়েছে বলে জানান পল স্মিথ।

এছাড়া ফিন হোল্যান্ড নামে ১৮ বছরের এক তরুণ যাত্রী জানান, তার ফ্লাইটটি বোর্নমাউথে ঘুরিয়ে দেওয়ায় সকালে পৌঁছাতে হয়েছে এবং নিজেদের ব্যবস্থায় ট্যাক্সি নিতে হয়েছে। পুরো প্রক্রিয়ায় সমন্বয়ের ব্যাপক অভাব ছিল বলে ভুক্তভোগী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

#ব্রিস্টল #বিমানবন্দর #যুক্তরাজ্য #aknews #onebanglanews