১৫৭ অভিবাসী নিয়ে আগুন লেগে উল্টে গেল নৌকা

59

সাইফ হাসান: ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় ১৫৭ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা উল্টে যাওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়েছে। নৌকার ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ সহায়তায় যাত্রীদের উদ্ধার করে ফরাসি বন্দর বুলোনে নিয়ে যাওয়া হয়। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সীমান্ত রক্ষা ও উদ্ধারকারী দলগুলো দ্রুত ব্যবস্থা নেয়। রিফর্ম ইউকে নামের রাজনৈতিক দলটি চ্যানেল পারাপার বন্ধে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। তবে সরকারের নানা কড়াকড়ির মধ্যেও মানব পাচারকারীরা নতুন নতুন বিপজ্জনক পথ ব্যবহার করে অভিবাসীদের সাগরে পাঠাচ্ছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে নৌকাটি যখন ফরাসি অনুসন্ধান ও উদ্ধার এলাকায় পৌঁছায়, তখন এর ইঞ্জিনে আগুন ধরে যায়। ডাইপ থেকে যাত্রা শুরু করা এই নৌকাটিতে প্রাথমিকভাবে ১৬২ জন যাত্রী ছিলেন। আগের রাতেই পৃথক এক ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে বুলোনে ফেরত পাঠানো হয় এবং বাকি ১৫৭ জন যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।

উদ্ধার অভিযানে যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা বাহিনী, কোস্টগার্ডের লাইফবোট এবং ফরাসি উদ্ধারকারী নৌযান অংশ নেয়। ফরাসি কর্মকর্তারা জানান, যাত্রীরা শুরুতে উদ্ধারকারী জাহাজে উঠতে রাজি হননি। নৌকাটি অত্যন্ত নাজুক ও অতিরিক্ত বোঝাই থাকায় দুর্ঘটনা এড়াতে প্রথমে জোর করে কাউকেই তোলা হয়নি, পরবর্তীতে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার পর রিফর্ম ইউকের প্রধান নাইজেল ফারাজ ও উপনেতা রিচার্ড টাইস জানান, এ ধরনের বিপজ্জনক পারাপার অবিলম্বে বন্ধ করতে হবে এবং উদ্ধার করে ফেরত পাঠানোই একমাত্র মানবিক পদক্ষেপ। নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্রসিং বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তার মেয়াদে ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষ চ্যানেল পার হয়েছেন। গত সপ্তাহেও একইভাবে চ্যানেল পার হতে গিয়ে চারজন প্রাণ হারিয়েছেন।

#aknews #onebanglanews #englishchannel #uknews #migrantcrisis