যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (Met Office) দক্ষিণ ইংল্যান্ড ও দক্ষিণ-পূর্ব ওয়েলসের কিছু অংশে বিরল ‘অ্যাম্বার’ পর্যায়ের চরম তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে। সেখানে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সিও আলাদা করে অ্যাম্বার স্বাস্থ্য সতর্কতা দিয়েছে, যেখানে বলা হয়েছে এই তাপপ্রবাহ বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই গরমের সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অতিরিক্ত তাপের কারণে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং টায়ার ফেটে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।















