ওয়ানবাংলানিউজ ডেস্ক: লকডাউন খুব তাড়াতাড়ি শিথিল করা হলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বছরের শেষ নাগাদ এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ সরকারের কয়েকজন বৈজ্ঞানিক উপদেষ্টা।
ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা অজ্ঞাতনামা এক উপদেষ্টাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।
তিনি বলেছেন, লকডাউনের বিধিনিষেধে হেরফের করার সুযোগ খুব কমই আছে।
এর মধ্যে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বরিস জনসন এক ভাষণে লকডাউন থেকে ব্রিটেন কীভাবে বেরোবে তার রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা কতটা, তা চিহ্নিত করে দেশকে পাঁচটি জোনে ভাগ করে দেশবাসীকে সতর্ক করার প্রক্রিয়া চালু করতে যাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
এক থেকে পাঁচের মধ্যে প্রথম স্তর ‘সবুজ’ অর্থাৎ যেখানে সংক্রমণের মাত্রা সবচেয়ে কম। চূড়ান্ত স্তর ‘লাল’, যেখানে সংক্রমণ সর্বাধিক। এই জোন ভাগ অনুযায়ী যে যে জায়গায় প্রয়োজন, সেখানে বিধিনিষেধ বাড়াবে সরকার। খবর বিবিসির।
ব্রিটেনে করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৩১ হাজারেরও বেশি। এই অবস্থায় লকডাউন সামান্য শিথিল করতে চেয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকারকে।















