ইসরায়েল-লেবানন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত

52

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার পর ইসরায়েল ও লেবানন শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এএফপি জানায়, যৌথ বিবৃতিতে বলা হয়েছে—হিজবুল্লাহকে অবশ্যই সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সদস্যদের সরিয়ে নিতে হবে।

সমঝোতা অনুযায়ী, লেবাননের সশস্ত্র বাহিনী নির্দিষ্ট কিছু পরীক্ষামূলক অঞ্চলে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে সীমান্তে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বুধবারও রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানির খবর পাওয়া যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২২ জুন বা তার পরবর্তী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তির লক্ষ্যে উভয় পক্ষ আবার আলোচনায় বসবে।