যুক্তরাজ্যে সাউথহ্যামটনের ওয়েস্টার্ন ডকস এলাকায় একটি যানবাহন সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫-৩৩টি হাইব্রিড গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার ভোরে আগুন লাগার পর দমকলের ১০টি ইঞ্জিনসহ বিপুলসংখ্যক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ ও গাড়ির হর্ন শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের জানালা-দরজা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।
ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মোট মূল্য প্রায় ৯ লাখ পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।















