একই উড়োজাহাজে এরশাদ-ফখরুল, কুশল বিনিময়

973

ঢাকা সংবাদদাতা: একই উড়োজাহাজে সৈয়দপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর সিটি নির্বাচনের প্রচারে অংশ নিতে সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তারা সৈয়দপুরের পথে রওনা হন।

বিমানে উঠে বিএনপি মহাসচিবকে দেখে কুশল জিজ্ঞাসা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ফখরুলও সাবেক রাষ্ট্রপতিকে দেখে দাঁড়িয়ে সালাম দেন। এরপর এরশাদ হাত বাড়িয়ে দিলে করমর্দন করেন তারা। তবে এ সময় তাদের মধ্যে আর কোনো কথা হয়নি।

এরশাদের সঙ্গে রংপুর যাচ্ছেন তার ছেলে এরিক এরশাদ। তাদের পেছনেই ছিল মির্জা ফখরুলের আসন।

কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও একই ফ্লাইটে সৈয়দপুর যাচ্ছেন।

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রংপুরে মেয়র পদে ভোটের লড়াইয়ে আছেন কাওসার জামান বাবলা। আর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সিটি করপোরেশনের গত মেয়াদের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।