লন্ডনে পুলিশের ধাওয়ায় চুরি হওয়া গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত ৯

127

লন্ডনের পূর্বাঞ্চলীয় ইলফোর্ডে পুলিশের ধাওয়া খাওয়া একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে অন্তত নয়জন আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, চুরি হওয়া সন্দেহে একটি গাড়িকে থামানোর চেষ্টা করলে সেটি পালিয়ে যায়। পরে অল্প সময়ের ধাওয়ার পর গাড়িটি আরেকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বার্লি লেন ও হাই রোডের সংযোগস্থলে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এর মধ্যে নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ২০ বছর বয়সী এক নারী চালককে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, চুরি এবং পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে গ্রেপ্তার করেছে। গাড়িতে থাকা আরও চার আরোহীকেও আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।