ইরাকের নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে একাধিক সন্ত্রাসী হামলা ও হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করেছে মার্কিন বিচার বিভাগ। নিউইয়র্কের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে ছয়টি সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, আল-সাদি ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ ও ইরানের আইআরজিসির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়, ব্যাংক ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা ও সমন্বয়ে জড়িত ছিলেন।
তদন্তে আরও বলা হয়েছে, আল-সাদি নিহত আইআরজিসি কমান্ডার কাসেম সোলাইমানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সামাজিক মাধ্যমে হামলার পক্ষে উসকানিমূলক বার্তা ছড়াতেন। তবে তার আইনজীবী অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, মামলাটি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।















