৪ রাজ্যে ট্রাম্প সমর্থিত মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

320

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চারটি ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত রাজ্যে নির্বাচনের ফল পাল্টে দেয়ার অপ্রত্যাশিত আবেদন প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্ট। এসব আবেদনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থন ছিল। রাজ্যগুলো হলো জর্জিয়া, মিশিগান, পেনসিলভ্যানিয়া ও উইসকনসিন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, এ সপ্তাহে এ রাজ্যগুলোতে ৩রা নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফল পাল্টে দিতে আবেদন করেছিল টেক্সাস রাজ্য রিপাবলিকানরা। চারটি রাজ্যেই নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট জো বাইডেন। ওই চার রাজ্যে নির্বাচনের ফল পাল্টে দেয়ার আবেদনে সমর্থন ছিল ১৮ জন রাজ্য এটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১০৬ জন রিপাবলিকান সদস্যের। কিন্তু শুক্রবার সংক্ষিপ্ত শুনানিতে আবেদন যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারকরা। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, এই মামলা করার আইনগত অবস্থান নেই টেক্সাসের।

সুপ্রিম কোর্টের এই রায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আরো পিছনে নিয়ে গেল। উল্লেখ্য, কোনো প্রমাণ ছাড়া তিনি দাবি করে যাচ্ছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। ভোট চুরি হয়েছে। এ বিষয়টিকে সমাধান করতে হবে সুপ্রিম কোর্টকে। নির্বাচনের আগেই অবশ্য তিনি এমন কথা সাফ জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, পরাজিত হলে ফল মানবেন না। তা ছাড়া শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরেও অস্বীকৃতি জানান। বাস্তবেও তাই করছেন ট্রাম্প। ওদিকে এ সপ্তাহের প্রথম দিকে পেনসিলভ্যানিয়াতে আলাদা আরেকটি মামলা প্রত্যাখ্যান করেছেন সুপ্রিম কোর্ট। এক বাক্যের রায়ে রিপাবলিকান শিবিরের ওই মামলা খারিজ করে দেয় আদালত।