যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ শরণার্থীদের জন্য “লিভ টু রিমেইন” সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে ৩০ মাস করার পরিকল্পনা ঘোষণা করেছেন। পাশাপাশি স্থায়ী বসবাসের জন্য অপেক্ষার সময় ২০ বছরে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)।
এই নীতির বিরুদ্ধে প্রথম আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন দুই সুদানি আশ্রয়প্রার্থী। তাদের দাবি, এই নীতি বৈষম্যমূলক এবং এটি আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করবে না। ২০২৫ সালে সুদানি আশ্রয় আবেদনগুলোর ৯৬% ক্ষেত্রে সুরক্ষা প্রদান করা হয়েছে।
UNHCR সতর্ক করে বলেছে, ৩০ মাসের স্বল্পমেয়াদি অনুমতি শরণার্থীদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমাজে একীভূত হওয়ার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। একইসঙ্গে এটি প্রশাসনিক চাপও বাড়াবে, কারণ প্রতি ৩০ মাসে শরণার্থীদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে হবে।
এছাড়া নতুন প্রস্তাবে পরিবার পুনর্মিলনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আইনজীবীদের মতে, এমন নীতি শরণার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এবং দারিদ্র্যের ঝুঁকি বাড়াবে।















