যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে ব্রিটেনের রাজা কিং চার্লস ও কুইন ক্যামিলা সোমবার হোয়াইট হাউসে পৌঁছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। চারজন একসঙ্গে ছবি তোলেন এবং সৌজন্য বিনিময়ের পর ব্যক্তিগত চা-আড্ডায় অংশ নেন।
এরপর ট্রাম্প দম্পতি রাজকীয় অতিথিদের হোয়াইট হাউসের দক্ষিণ লনের নতুন সম্প্রসারিত মৌচাক পরিদর্শনে নিয়ে যান। পরে ব্রিটিশ দূতাবাসে আয়োজিত এক গার্ডেন পার্টিতেও অংশ নেন চার্লস ও ক্যামিলা, যেখানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার দিনের এই সফরটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। তবে সফরটি শুরু হয়েছে ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কার মধ্যে।
মঙ্গলবার কিং চার্লস হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নৈশভোজে ভাষণ দেবেন এবং মার্কিন কংগ্রেসে বিরল এক ভাষণ রাখবেন। তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্ব, গণতান্ত্রিক ঐতিহ্য এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন বলে জানা গেছে।















