সাইফ হাসান: যুক্তরাজ্যে টানা দাবানল ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস চরম চাপের মুখে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ১১টি বড় ধরনের অগ্নিকাণ্ড এবং শুক্রবার থেকে আরও ৪৩টি দাবানলের ঘটনা ঘটেছে। স্টোরব্রিজসহ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকি থাকায় বহু বাসিন্দা এখনো ঘরে ফিরতে পারছেন না।
ন্যাশনাল ফায়ার চিফ কাউন্সিলের কর্মকর্তা ফিল গ্যারিগান জানিয়েছেন, ওয়েস্ট মিডল্যান্ডস, হ্যাম্পশায়ার এবং সাউথ ওয়েলসের মতো একাধিক অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হলেও তারা ঠিক কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা দলগুলো রাস্তাঘাট ও এলাকাগুলোর নিরাপত্তা যাচাই করে ধীরে ধীরে ফেরার অনুমতি দিচ্ছে।
স্টোরব্রিজের রেসকোর্স লেন এলাকায় ছড়িয়ে পড়া আগুনে ৩৮টি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। এক শতাধিক দমকলকর্মী প্রায় ৫০০ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। বাড়িছাড়া স্থানীয় বাসিন্দারা চরম হতাশা প্রকাশ করে জানিয়েছেন, তারা কখন ঘরে ফিরতে পারবেন সে বিষয়ে পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না।
এদিকে গোল্ডেনহিল ও স্টোক-অন-ট্রেন্টে আগুনে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ক্লুন ও পিক ডিস্ট্রিক্টের রেল টানেলেও আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আগুন ছড়াতে পারে এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা জারি করেছে।
#aknews #onebanglanews #যুক্তরাজ্য #দাবানল #আন্তর্জাতিকসংবাদ















