সাইফ হাসান: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মাঝে ছড়িয়ে পড়া দাবানলে ক্রোয়েশিয়ায় একজন নি*হত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। ফ্রান্সে আগুন লাগানোর সন্দেহে প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। মহাদেশটির জার্মানি, গ্রিস, স্পেন ও বেলজিয়ামেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও পর্যটন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পুরো অঞ্চলজুড়ে চরম দাবানল পরিস্থিতির সতর্কতা জারি করেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ জুলাই থেকে দাবানল সৃষ্টির সন্দেহে ৪৭৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ১৮৩ জনই অপ্রাপ্তবয়স্ক। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লান্দেস অঞ্চলের লুগলোঁ গ্রাম থেকে পাঁচ শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রায় ১ হাজার ১০০ হেক্টর পাইন বনভূমি পুড়ে গেছে এবং শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ক্রোয়েশিয়ার ডালমাশিয়ান উপকূলে পর্যটন শহর লোকভা রোগোজনিকায় রাতে ছড়িয়ে পড়া আগুনে একজন মারা গেছেন এবং প্রায় ১ হাজার ২০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ পরিস্থিতি পরিদর্শন করে একে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। স্প্লিট শহরের হাসপাতালে অন্তত ১৪ জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পশ্চিম জার্মানির হুর্টগেন বনে আগুন লাগার পর গেই গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বো*মা আগুনের তাপে বিস্ফোরিত হওয়ায় সেখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এদিকে গ্রিসের হালকিদিকি উপদ্বীপের সৈকত থেকে ছোট নৌকায় করে প্রায় ৫০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। উত্তর-পূর্ব স্পেনে আগুন ছড়িয়ে পড়ায় ঐতিহাসিক মনাস্ট্রি থেকে প্রাচীন রাজাদের দেহাবশেষ সরিয়ে স্থানীয় জাদুঘরে নেওয়া হয়েছে এবং বেলজিয়ামের বৃহত্তম প্রকৃতি সংরক্ষণাগারেও রেকর্ড অগ্নিকাণ্ডের পর আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
#aknews #onebanglanews #ইউরোপ #দাবানল #আন্তর্জাতিকসংবাদ















