কভেন্ট্রি ইউনিভার্সিটি ৮ হাজার পাউন্ড ফি এক দিন দেরিতে পৌঁছানোর কারণে ২৫ বছর বয়সী Navodya De Silva-কে ইউকে হোম অফিসে রিপোর্ট করে, ফলে তার ভিসা বাতিল হয়।
এক দিনের ফি পরিশোধে বিলম্বের কারণে যুক্তরাজ্যে পড়াশোনা করা এক শ্রীলঙ্কান শিক্ষার্থী বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন। ২৫ বছর বয়সী Navodya De Silva জানান, এই ঘটনার ফলে তার জীবন “ধ্বংস হয়ে গেছে”।
তিনি কভেন্ট্রি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক হসপিটালিটি ও ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ে পড়ার সুযোগ পান। তিন বছরের স্নাতক কোর্সের জন্য বিদেশি শিক্ষার্থীদের মোট ফি ছিল ৪২ হাজার পাউন্ড। তার বাবা নিজের সারা জীবনের সঞ্চয় খরচ করে পড়াশোনার ব্যবস্থা করেন।
২০২৪ সালের অক্টোবরে তিনি পড়াশোনা শুরু করেন এবং প্রথম বছর সফলভাবে শেষ করেন। দ্বিতীয় বছরের প্রথম কিস্তি হিসেবে ৮ হাজার পাউন্ড জমা দেওয়ার শেষ সময় ছিল ৬ অক্টোবর ২০২৫। তিনি ৩ অক্টোবর টাকা পাঠান, কিন্তু ব্যাংকিং প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বিশ্ববিদ্যালয়ের হিসাবে টাকা পৌঁছায় ৭ অক্টোবর—সময়সীমার এক দিন পরে।
এই বিলম্বের বিষয়টি বিশ্ববিদ্যালয় ইউকে হোম অফিসে জানায়। ফলে তিনি কোর্স চালিয়ে যেতে পারেননি এবং তার স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি যুক্তরাজ্যে থাকার জন্য নতুন আবেদন করেছেন এবং সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। আবেদন প্রত্যাখ্যাত হলে তাকে দেশছাড়া করা হতে পারে।
ডি সিলভা বলেন, “যুক্তরাজ্যে পড়াশোনা করলে আমার দেশে ভালো চাকরির সুযোগ বাড়বে বলে মনে করেছিলাম। আমি সময়ের আগেই ফি দিয়েছি। কিন্তু টাকা পৌঁছাতে দেরি হওয়া আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি নিয়মিত ক্লাস করেছি, ভালো ফল করেছি। এটা হবে ভাবিনি। আমি এখন ভীষণ মানসিক চাপে আছি।”
তিনি আরও বলেন, “ডিগ্রি ছাড়া দেশে ফিরতে হলে এবং বাবার সারা জীবনের সঞ্চয় হারালে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। মাত্র এক দিনের বিলম্বের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর।”
তার আইনজীবী Naga Kandiah বলেন, “তার পরিবার যুক্তরাজ্যে পড়াশোনার জন্য জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছে। মাত্র এক দিনের বিলম্বের কারণে বিশ্ববিদ্যালয় তাকে হোম অফিসে রিপোর্ট করেছে, স্পন্সরশিপ প্রত্যাহার করেছে এবং তার স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে যা তার জীবনে গুরুতর প্রভাব ফেলেছে।”
এ বিষয়ে কভেন্ট্রি ইউনিভার্সিটির এক মুখপাত্র বলেন, তারা ব্যক্তিগত মামলার বিষয়ে মন্তব্য করতে পারেন না। তবে শিক্ষার্থীদের ফি পরিশোধ ও ভর্তি সম্পন্ন করার জন্য ছয় সপ্তাহ সময় দেওয়া হয় এবং সময়সীমা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাজ্যের ভিসা নিয়ম মেনে চলার বাধ্যবাধকতাও রয়েছে বলে জানান তিনি।















