প্রায় পাঁচ দশক পর চাঁদের কাছে মানুষ পাঠাচ্ছে নাসা। ১০ দিনের অভিযানে চাঁদের কাছাকাছি যাওয়ার জন্য যাত্রা শুরু করেছে নাসার আর্টেমিস-২ মিশনের মহাকাশযান ওরিয়ন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে) সফর শুরু করে ওই মহাকাশযান।
এই অভিযান পৃথিবী থেকে আরো বেশি দূরে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। চারজন নভোচারীকে নিয়ে শুরু হওয়া এই মিশন মহাকাশ অনুসন্ধানের একটা নতুন অধ্যায় খুলে দিতে চলেছে।
এই ঐতিহাসিক মিশনে যে মহাকাশচারীরা সামিল হয়েছেন তারা হলেন রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশনের বিশেষ কর্মী ক্রিস্টিনা কচ এবং বিশেষ কর্মী জেরেমি হ্যানসেন।
উড়ানের শুরুর দিকে যোগাযোগে সামান্য সমস্যা দেখা দিলেও নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক আছে। আসলে গ্রাউন্ডে থাকা ক্রু-রা মহাকাশযানের সওয়ার ক্রু-দের কথা শুনতে পাচ্ছিলেন না। পরে সমস্যা মিটে যায়।
সাংবাদিক সম্মেলনে জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, ক্রু-রা “নিরাপদ, স্থিতিশীল এবং এক্সাইটেড।”
প্রসঙ্গত, চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত, প্রায় ৬৫০ জন মানুষ মহাকাশে গিয়েছেন। এদের মধ্যে মাত্র ২৪ জন লুনার সার্ফেস বা চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি পৌঁছেছেন। এই ২৪ জনের মধ্যে ১২ জন চাঁদে অবতরণ করেছেন।















