রয়েল নেভির HMS ড্রাগন পূর্ব ভূমধ্যসাগরের পথে

120

রয়েল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন পূর্ব ভূমধ্যসাগরের দিকে রওনা হয়েছে। সাইপ্রাসে একটি আরএএফ ঘাঁটিতে ড্রোন হামলার পর এর মোতায়েনের ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই জাহাজটি যাত্রা শুরু করে।

টাইপ–৪৫ শ্রেণির এই ডেস্ট্রয়ারটি ইরান ও তাদের মিত্রদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে জাহাজটি সেখানে পাঠানো হচ্ছে।

জাহাজটি যখন পোর্টসমাউথ বন্দর ছেড়ে যায়, তখন নাবিকদের ডেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কর্মকর্তারা জানান, জাহাজটি দ্রুত মোতায়েনের জন্য স্বাভাবিক ছয় সপ্তাহের প্রস্তুতির কাজ মাত্র ছয় দিনের মধ্যে শেষ করা হয়েছে। সাইপ্রাসের আরএএফ অ্যাকরোটিরি ঘাঁটিতে ড্রোন হামলার জবাব হিসেবেই জাহাজটি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী জন হিলি হাউস অব কমন্সে বলেন, যুদ্ধজাহাজটি প্রস্তুত করতে নৌবাহিনীর সদস্যরা প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা করে নিরলসভাবে কাজ করছেন। তবে অঞ্চলে ব্রিটিশ স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ না নেওয়ার অভিযোগেরও মুখে পড়তে হয়েছে তাকে।

লেবার দলের এই মন্ত্রী জানান, যুদ্ধজাহাজটি মোতায়েনের প্রস্তাব ছয় দিন আগে আলোচনা হয় এবং সাইপ্রাসের অ্যাকরোটিরি বিমানঘাঁটিতে ড্রোন হামলার প্রায় ৩৬ ঘণ্টা পর তা অনুমোদন দেওয়া হয়।

এ হামলাটি ঘটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর হামলা শুরুর চতুর্থ দিনে। ছয় সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতির পর শুরু হওয়া ওই হামলার জবাবে ইরান ২৪ ঘণ্টার মধ্যে ১০টি দেশের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানায়।