সাইফ হাসান: লন্ডনের রিসাইক্লিং ব্যবস্থা নিয়ে দীর্ঘস্থায়ী সমস্যা ও এর সমাধানের উপায় নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বর্তমানে লন্ডনের ৩৩ শতাংশ আবর্জনা রিসাইকেল করা হচ্ছে, যা গত এক দশক ধরে প্রায় একই জায়গায় থমকে আছে। শহরের দক্ষিণ উপশহর সাউথওয়ার্কের একটি বিশাল কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ লাখ টন আবর্জনা প্রক্রিয়াজাত করা হলেও ব্যাটারি থেকে লাগা আগুন এবং ভুল আইটেম বিনে ফেলার কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। ২০৩০ সালের মধ্যে ৬৫ শতাংশ রিসাইক্লিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
লন্ডনের সাউথওয়ার্ক এলাকায় অবস্থিত ভিওলিয়া রিসাইক্লিং সেন্টারে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চলে। এখানে পাঁচটি বরো বা এলাকা থেকে আসা আবর্জনা বাছাই করা হয়। অত্যাধুনিক এআই রোবট এবং দক্ষ শ্রমিকরা মিলে প্লাস্টিক, কাগজ ও ধাতু আলাদা করেন। তবে প্রক্রিয়াজাতকরণের সময় ফ্রাইং প্যান বা কাপড়ের হ্যাঙ্গার বিনে পাওয়ায় বিপাকে পড়ছেন কর্মীরা।
ভিওলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে লিথিয়াম ব্যাটারি থেকে প্রতিদিন গড়ে একটি করে আগুনের ঘটনা ঘটছে। মানুষ ভুল করে ব্যাটারি বা ইলেকট্রনিক পণ্য রিসাইক্লিং বিনে ফেলায় এই অগ্নিকাণ্ড ঘটছে যা কর্মীদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। খাদ্য বর্জ্য আলাদা করে ফেললে রিসাইক্লিংয়ের হার অনেক বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লন্ডনের মেয়র সাদিক খান ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ রিসাইক্লিংয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন যা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। বর্তমানে ব্রোমলি এলাকায় সবচেয়ে বেশি ৫০.৯ শতাংশ রিসাইক্লিং হলেও টাওয়ার হ্যামলেটসে এই হার মাত্র ১৫.৮ শতাংশ। প্রতিটি এলাকার নিয়ম আলাদা হওয়ায় মানুষ প্রায়ই বিভ্রান্তিতে পড়ছে।
লন্ডন অ্যাসেম্বলির সদস্য ক্যারোলিন রাসেল মনে করেন পুরো লন্ডনে একই ধরণের রিসাইক্লিং নিয়ম থাকা জরুরি। আগামী এপ্রিল থেকে সরকার ‘সিম্পলার রিসাইক্লিং’ নামক নতুন আইন আনছে যাতে সব এলাকায় একই পদ্ধতিতে আবর্জনা সংগ্রহ করা যায়। মেয়র ২০৩০ সালের মধ্যে যে বিশাল লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন তা অর্জন করা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#londonnews #recycling #wastegate #aknews #onebanglanews















