সাইফ হাসান: সিডনির বাংলাদেশি প্রধান এলাকা লাকেম্বাকে অনিরাপদ ও নি*ষিদ্ধ এলাকা বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী নেত্রী পলিন হ্যানসন। তার এই উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজসহ দেশটির শীর্ষ রাজনীতিকরা। পুলিশ ও স্থানীয় তথ্য অনুযায়ী লাকেম্বা অন্যান্য অনেক এলাকার তুলনায় বেশি নিরাপদ এবং সম্প্রীতির এক অনন্য জায়গা। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে এই ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
অস্ট্রেলিয়ার ওয়ান নেশন দলের নেত্রী পলিন হ্যানসন এক সাক্ষাৎকারে লাকেম্বাকে নো-গো জোন বা নিষিদ্ধ এলাকা হিসেবে আখ্যা দেন। তার দাবি সেখানে প্রচুর মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতির কারণে সাধারণ অস্ট্রেলীয়রা অনিরাপদ বোধ করেন। তবে সিডনির পুলিশ ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণ করেছে।
প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পলিন হ্যানসনের এই বক্তব্যকে লজ্জাজনক এবং বিভেদ সৃষ্টিকারী বলে কঠোর সমালোচনা করেছেন। সিডনির নাগরিক সমাজ ও জনপ্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন যে বহুত্ববাদী অস্ট্রেলিয়ায় ঘৃণা ও বিভেদের কোনো স্থান নেই। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কও এই বক্তব্যকে ভুল ও নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন।
সিডনিপ্রবাসী বাংলাদেশি মাসুমা খান মৌ বলেন লাকেম্বা তাদের কাছে একটি টুকরো বাংলাদেশ এবং এখানকার মানুষের আন্তরিকতা প্রবাস জীবনে এক বড় ভরসা। প্রতি বছর রমজানের রাতের বাজারে ধর্ম ও বর্ণ নির্বিশেষে লাখ লাখ মানুষের সমাগম এই জনপদের সম্প্রীতির প্রতিফলন ঘটায়। তারা লাকেম্বায় সব সময় নিরাপদ বোধ করেন এবং যেকোনো বিদ্বেষের বিপরীতে তাদের ঐক্যই প্রধান শক্তি।
#অস্ট্রেলিয়া #লাকেম্বা #বাঙালি #aknews #onebanglanews















