সেই ১০ নম্বর জার্সি পরে শপথ নিলেন আলোচিত তরুণ হাসনাত আবদুল্লাহ

52

সাইফ হাসান: জুলাই গণ-অভ্যুত্থানের সেই স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সি পরেই আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা-৪ আসন থেকে বড় ব্যবধানে নির্বাচিত এই তরুণ নেতা মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করেন। এনসিপির আরও পাঁচজন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে তিনি দেশের সংবিধান রক্ষার প্রতিশ্রুতি দেন। আন্দোলনের উত্তাল দিনগুলোতে এই বটল-গ্রিন জার্সিটি হাসনাতের পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি ভোট পেয়ে বিপুল জয় পান হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে তিনি শাপলা কলি প্রতীক নিয়ে লড়াই করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন যিনি ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৮৮৫ ভোট পান।

আজ মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির ৬ জন সদস্য। শপথ গ্রহণের পর তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেন। হাসনাতের পরনে থাকা বটল-গ্রিন রঙের জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ইংরেজি বিভাগের নাম লেখা ছিল।

আন্দোলনের সময় টানা বেশ কয়েকদিন এই একই জার্সি পরে মাঠে থাকায় এটি তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। জার্সির পেছনে বড় করে হাসনাত ও জার্সি নম্বর ১০ লেখা ছিল যা আজ সংসদের শপথ অনুষ্ঠানে সবার নজর কাড়ে। তার সাথে শপথ নেওয়া এনসিপির অন্য সদস্যরাও দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

#হাসনাতআবদুল্লাহ #শপথগ্রহণ #সংসদ #aknews #onebanglanews