সাইফ হাসান: উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায় এবারের তীব্র শীতে সমুদ্রের পানি জমে বরফ হয়ে গেছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে দেশটির দুই প্রধান দ্বীপের মধ্যে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ একটি বরফের রাস্তা তৈরি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এখন সমুদ্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করছেন। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে আনুষ্ঠানিকভাবে এই আইস রোড খুলে দিয়েছে।
পশ্চিম এস্তোনিয়ার সারেমা ও হিউমা দ্বীপকে সংযুক্ত করতে এই বিশেষ পথটি তৈরি করা হয়েছে। গত রোববার বাল্টিক সাগরের ওপর দিয়ে এই রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেদিন বিকেল থেকেই ওই পথে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
হিউমা দ্বীপের বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় কাজ, স্কুল ও কেনাকাটার জন্য সারেমা দ্বীপে যেতে হয়। দীর্ঘ আট বছর পর এবার তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির নিচে নামায় সমুদ্রের ওপর এমন চলাচলের সুযোগ তৈরি হয়েছে। হিউমার মেয়র হারগো তাসুয়া একে তাদের সংস্কৃতির অংশ বলে অভিহিত করেছেন।
এই রাস্তায় চলাচলের জন্য বিশেষ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। আড়াই টনের বেশি ওজনের গাড়ি এখানে চলতে পারে না এবং যাত্রীদের নিরাপত্তার খাতিরে সিট বেল্ট পরা নিষেধ। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে যেন দ্রুত বের হওয়া যায় সেজন্য গাড়ির দরজাও সহজে খোলা রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
বরফের পুরুত্ব কমপক্ষে ২৪ সেন্টিমিটার বা সাড়ে নয় ইঞ্চি নিশ্চিত করেই এই পথটি তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা নিয়মিত বরফের ফাটল এবং আবহাওয়া পর্যবেক্ষণ করছেন যেন কোনো বিপদ না ঘটে। পরিস্থিতি অনুযায়ী সড়ক সংস্কারের কাজও নিয়মিত করা হচ্ছে।
#এস্তোনিয়া #আইসরোড #ভ্রমণ #aknews #onebanglanews















