রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মামলা নেয়নি পুলিশ

69

সাইফ হাসান: রাজশাহীর একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী হাবিবা বেগমের ওপর ভোটকেন্দ্রের সামনে বর্বরোচিত হা*মলা চালানো হয়েছে। ফুটবল প্রতীকের এই প্রার্থীকে প্রকাশ্যে চড়থাপ্পড় মেরে গুরুতর আ*ঘাত করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তার কাছে এই অন্যায়ের বিচার চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন প্রার্থীর এজেন্ট।

রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমের ওপর গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই হামলার ঘটনা ঘটে। পবার হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী এই ন্যাক্কারজনক কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি ছিলেন জেলার একমাত্র নারী প্রার্থী।

হামলার শিকার হওয়ার পর হাবিবা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কানে ঠিকমতো শুনতে পাচ্ছেন না এবং কথা বলতেও তার খুব কষ্ট হচ্ছে। হাসপাতালে গিয়ে দেখা যায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে তার স্বামী মাসুদ রানা ও স্বজনরা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর হওয়ায় তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আকবর হোসেন অভিযোগ করেছেন যে তারা পবা ও কাটাখালী থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। ডিউটি অফিসার জানিয়েছেন যে ওসি না থাকায় তারা মামলা গ্রহণ করতে পারছেন না। পরে নিরুপায় হয়ে প্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এজেন্ট ৯৯৯-এ ফোন করলেও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

অভিযুক্ত রজব আলী চড় মারার কথা স্বীকার করে দাবি করেছেন যে ওই নারী প্রার্থী ভোটকেন্দ্রে এসে ভোট চাচ্ছিলেন যা ওইদিনের জন্য নিষিদ্ধ ছিল। তবে প্রার্থীর এজেন্ট এই দাবি অস্বীকার করে জানিয়েছেন যে হাবিবা বেগম কেবল কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কাদেরী জানিয়েছেন রাতে অভিযোগ দিতে কেউ এসেছিল কিনা তা তিনি এখনো নিশ্চিত করে বলতে পারছেন না।

#রাজশাহী #নির্বাচন #নারী_প্রার্থী #aknews #onebanglanews