সাইফ হাসান: ৫ কোটি রুপি ঋণ শোধ করতে না পারায় বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পর্দার সামনে দর্শকদের হাসালেও ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীর অকাল মৃ*ত হওয়ার মতো চরম কষ্টের দিন পার করেছেন। মাত্র ২০ বছর বয়সে প্রথম স্ত্রীর বিয়োগের পর তাকে দীর্ঘ আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। চেক জালিয়াতি মামলায় গত ৫ ফেব্রুয়ারি তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।
উত্তর প্রদেশের কুন্দ্রায় জন্মগ্রহণ করা রাজপাল যাদব ২০০০ সালে জংলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীতে ভুল ভুলাইয়া এবং ফির হেরা ফিরির মতো জনপ্রিয় সিনেমায় কৌতুক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। তবে পেশাগত সাফল্যের আড়ালে অভিনেতার ব্যক্তিগত জীবন ছিল চরম বিয়োগান্তক ঘটনায় ভরা।
মাত্র ২০ বছর বয়সে রাজপালের প্রথম স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যান। সেই দিনটির কথা স্মরণ করে অভিনেতা জানান যে স্ত্রীর লাশ কাঁধে নিয়ে তাকে শ্মশানে যেতে হয়েছিল। এই ঘটনার পর তার পরিবার ও পরবর্তী স্ত্রী রাধা যাদব তাকে মানসিক আঘাত কাটিয়ে উঠতে পূর্ণ সহযোগিতা করেন।
আর্থিক ঝামেলার সূত্রপাত হয় ২০১০ সালে যখন তিনি তার নিজের পরিচালিত ছবি নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নেন। ছবিটি বক্স অফিসে সফল না হওয়ায় তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন এবং চেক বাউন্স সংক্রান্ত মামলায় অভিযুক্ত হন। শেষ পর্যন্ত ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি তাকে তিহার জেলে আত্মসমর্পণ করতে হয়।
এর আগে ২০১৮ সালেও একই কারণে রাজপাল তিন মাস জেল খেটেছিলেন। আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করতে না পারায় বিচারক তাকে ছয় মাসের সাজা দেন। রাজপালের আইনজীবী শেষ মুহূর্তে কিছু অর্থ জমা দেওয়ার প্রস্তাব দিলেও আদালত তা গ্রহণ করেননি।
#রাজপালযাদব #বলিউডসংবাদ #তিহারজেল #aknews #onebanglanews













