সাইফ হাসান: এ বছর মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাস ২৯ দিনে হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে অধিকাংশ মুসলিম দেশে রোজা শুরু হতে পারে বলে গাণিতিক গণনায় উঠে এসেছে। এবার রোজার সর্বোচ্চ সময়সীমা ১৩ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন যে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী এবার রমজান মাস ২৯ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।
মহাকাশ গবেষণার তথ্য অনুসারে ১৭ ফেব্রুয়ারি নতুন চাঁদের জন্ম হলেও সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর তা ডুবে যাবে। ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদটি স্পষ্টভাবে দেখা যাবে বিধায় পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
রোজার সময়কাল নিয়ে আল জারওয়ান বলেন যে আবুধাবিতে রোজার শুরুর দিকে সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। তবে মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বেড়ে তা সর্বোচ্চ ১৩ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত হতে পারে।
ভৌগোলিক অবস্থানের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ইফতার ও সাহ্রির সময়ের সর্বোচ্চ ২০ মিনিটের পার্থক্য দেখা যাবে। খোরফাক্কান এলাকায় সবচেয়ে আগে ইফতার হবে এবং পশ্চিমাঞ্চলীয় আল সিলা এলাকার মানুষ সবার শেষে ইফতার করবেন।
মাস শেষে শাওয়ালের চাঁদ দেখা এবং ঈদুল ফিতর শুরুর সময়টি অধিকাংশ মুসলিম দেশেই একই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন।
#রমজান২০২৬ #রোজা #ঈদুলফিতর #জ্যোতির্বিজ্ঞান #aknews #onebanglanews















