মুসলিম দোকানিকে বাঁচাতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে হিন্দু যুবক

76

সাইফ হাসান: ভারতের উত্তরাখন্ডে এক বৃদ্ধ মুসলিম দোকানিকে বাঁচাতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন দীপক কুমার নামে এক যুবক। গত ২৬ জানুয়ারি কোটদ্বার এলাকায় সত্তর বছর বয়সী এক অসুস্থ বৃদ্ধকে হেনস্তা থেকে রক্ষা করতে তিনি রুখে দাঁড়ান। সাহসিকতার পরিচয় দিয়ে তিনি নিজেকে ‘মোহাম্মদ দীপক’ বলে পরিচয় দেন যা ভাইরাল হওয়ার পর উগ্রপন্থীদের এমন কর্মকাণ্ডকে তিনি অপ*রাধ হিসেবে গণ্য করেছেন। এই ঘটনার পর এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে এবং দীপক কুমারের ওপর সম্ভাব্য হা*মলা এড়াতে বিশেষ পাহারা বসানো হয়েছে।

উত্তরাখন্ডের কোটদ্বার এলাকায় উকিল আহমেদ নামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধের দোকানে একদল উচ্ছৃঙ্খল জনতা চড়াও হয়। পার্কিনসন রোগে আক্রান্ত ওই বৃদ্ধকে তার দোকানের নাম থেকে ‘বাবা’ শব্দটি মুছে ফেলার জন্য চাপ দিচ্ছিল উগ্রপন্থীরা। দীপক কুমার এই দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি এবং সাহসের সাথে তাদের মোকাবেলা করেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায় দীপক উগ্রপন্থীদের মুখের ওপর নিজেকে ‘মোহাম্মদ দীপক’ বলে পরিচয় দিচ্ছেন। তিনি জানান যে ধর্মের কারণে একজন অসহায় মানুষকে হেনস্তা হতে দেখে পাশে দাঁড়ানোই ছিল তার মানবিক দায়িত্ব। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি যেমন প্রশংসা পাচ্ছেন তেমনই উগ্রপন্থী সংগঠনের হুমকিতে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোটদ্বার বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ দীপক কুমার এবং তার জিমের নিরাপত্তায় বিশেষ পাহারা দিচ্ছে। এই ঘটনায় পুলিশ তিনটি পৃথক মামলা দায়ের করেছে যার মধ্যে বজরং দলের অজ্ঞাত পরিচয় সদস্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেসের দাবি যারা উগ্র আচরণ করল তাদের বদলে উল্টো দীপক ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করেছে যে রাজ্যের শান্ত পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

#উত্তরাখন্ড #সাম্প্রদায়িকতা #দীপককুমার #aknews #onebanglanews