লন্ডনে লাইসেন্স নবায়নে দেরি হওয়ায় চালকদের ক্ষতিপূরণ নিয়ে তীব্র ক্ষোভ

112

সাইফ হাসান: লন্ডনে লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় বেকার থাকতে হয়েছে অনেক চালককে। এই ভুলের জন্য ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল ক্ষতিপূরণ ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করেছে চালকদের ইউনিয়ন। ইউনিয়ন নেতাদের দাবি, সামান্য এই টাকায় চালকদের কিছুই হবে না কারণ অনেকেই কাজ হারিয়ে রাস্তায় বসেছেন। তারা প্রতি সপ্তাহের জন্য আলাদা ক্ষতিপূরণ দাবি করেছেন কর্তৃপক্ষের কাছে।

লন্ডনের পরিবহন সংস্থা টিএফএল তাদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, নতুন সফটওয়্যার জটের কারণে উবার ও বোল্টের মতো অ্যাপভিত্তিক সার্ভিসের শত শত চালক সময়মতো লাইসেন্স পাননি। এর ফলে চালকরা দীর্ঘদিন রাস্তায় গাড়ি নামাতে পারেননি এবং আয়রোজগারহীন অবস্থায় দিন কাটিয়েছেন।

ক্ষতিপূরণ হিসেবে টিএফএল ভুক্তভোগী চালকদের ৩০০ থেকে ৫০০ পাউন্ড পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে অ্যাপ ড্রাইভার্স অ্যান্ড কুরিয়ার্স ইউনিয়ন (এসিডিইউ) বলছে, এই অর্থ মোটেও যথেষ্ট নয়। ইউনিয়নের মতে, লাইসেন্স পেতে দেরি হওয়ায় তাদের অনেক সদস্যকে হোমলেস হতে হয়েছে এবং অনেকের গাড়িও হাতছাড়া হয়ে গেছে।

এসিডিইউ দাবি করছে, চালকদের অপেক্ষার প্রতি সপ্তাহের জন্য ৫০০ পাউন্ড করে দিতে হবে। আব্দুল্লাহি নামের একজন উবার চালক জানান, টিএফএল সময়মতো লাইসেন্স না দেওয়ায় তিনি বাসা ভাড়া দিতে পারেননি এবং শেষ পর্যন্ত হোমলেস হয়ে পড়েন। তিনি বলেন, এই পেশাই আমাদের পরিবার চালানোর একমাত্র উপায়।

অন্যদিকে জিএমবি নামের আরেকটি ইউনিয়ন টিএফএলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। টিএফএল জানিয়েছে, যেসব চালক সাত দিনের বেশি সময় লাইসেন্স ছাড়া বসে ছিলেন, তাদের ৫০০ পাউন্ড দেওয়া হবে এবং এর জন্য আলাদা কোনো আবেদনের প্রয়োজন নেই। চেক সরাসরি চালকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

#LondonNews #TfL #UberDrivers #BanglaNews #aknews #onebanglanews