হিথ্রো বিমানবন্দরের নতুন সিদ্ধান্তে লংফোর্ড গ্রাম বসবাসের অযোগ্য হওয়ার আশঙ্কা

153

সাইফ হাসান: লন্ডনের হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ব্যবহারের নিয়ম পরিবর্তনে চরম বিপাকে পড়েছেন লংফোর্ড গ্রামের বাসিন্দারা। নতুন এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত শব্দ ও দূষণে গ্রামটি বসবাসের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সম্প্রতি হিলিংডন কাউন্সিল এই পরিকল্পনার অনুমোদন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য শব্দ দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

হিথ্রো বিমানবন্দরের একেবারে কাছে অবস্থিত লংফোর্ড গ্রামের বাসিন্দারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। ট্রেভর গর্ডন নামের এক বাসিন্দা জানান, বিমানবন্দরের নতুন নিয়মে গ্রামটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাঁর মতে, রানওয়েতে বিমানের দীর্ঘ সারি এবং ইঞ্জিনের বিকট শব্দে এখানে নিশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাবে।

ক্র্যানফোর্ড এগ্রিমেন্ট নামে এক চুক্তির কারণে এতদিন উত্তরাংশের রানওয়ে দিয়ে পূর্ব দিকে বিমান ওড়া বন্ধ ছিল, যা ২০০৯ সালে বাতিল হয়। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে হিলিংডন বরো কাউন্সিল বিমানবন্দরের অবকাঠামো পরিবর্তনের অনুমতি দেয়। এর ফলে এখন বিমানের ওঠানামা গ্রামের পরিবেশকে আরও ভারাক্রান্ত করবে বলে মনে করছেন ইয়ান ম্যাথিউসসহ অনেকে।

লংফোর্ড রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিশ্চিয়ান হিউজ জানান, রানওয়ের এত কাছে বিমান ওড়ার ফলে নির্গত ধোঁয়া ও শব্দে জীবনযাপন অসম্ভব হয়ে উঠবে। তিনি সতর্ক করে বলেন, উড্ডয়নের সময় অতি সূক্ষ্ম কণা বাতাসের মান নষ্ট করবে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া এই পরিবর্তনের ফলে উইন্ডসর বা হাউন্সলোর মতো এলাকাগুলোতেও বিমান চলাচলের প্রভাব পড়বে।

গ্রামটিতে একসময় তিনটি পানশালা থাকলেও এখন মাত্র একটি টিকে আছে এবং অনেক মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্থানীয়দের সুরক্ষায় ৭ থেকে ৯ মিটার উচু শব্দ নিরোধক দেয়াল নির্মাণ করবে। তাদের দাবি, নতুন এই ব্যবস্থায় সারা বছর সব এলাকায় সমানভাবে শব্দের মাত্রা ভাগ করে দেওয়া সম্ভব হবে।

#লন্ডন #হিথ্রো_বিমানবন্দর #যুক্তরাজ্য #aknews #onebanglanews