সাইফ হাসান: যুক্তরাজ্যের কঠোর তোপের মুখে পড়েছে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া এক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নারীদের যৌ*ন আবেদনময়ী ছবি তৈরির দায়ে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ হতে পারে। ব্রিটিশ সরকার জানিয়েছে অফকম তদন্ত করছে এবং প্রয়োজনে এক্সকে দেশটিতে পুরোপুরি ব্লক করে দেওয়া হবে। শিশুদের নিরাপত্তা ও অনলাইনে আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে মাস্কের কোম্পানির ওপর ব্রিটিশ মন্ত্রীরা ভীষণ ক্ষুব্ধ।
ব্রিটেনের বিজনেস সেক্রেটারি পিটার কাইল অভিযোগ করেছেন, গ্রাহকদের অনলাইনে নিরাপদ রাখতে এক্স যথেষ্ট কাজ করছে না। মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম বর্তমানে এক্সের এআই টুল ‘গ্রোক’-এর বিরুদ্ধে তদন্ত করছে। এই টুল ব্যবহার করে নারীদের সম্মতি ছাড়াই তাদের খোলামেলা ও বিকৃত ছবি তৈরি করা হচ্ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পিটার কাইল বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে একটি ভয়ানক অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, একজন ইহুদি নারীর বিকিনি পরা ছবি এআই দিয়ে তৈরি করে আউশউইৎজ ক্যাম্পের সামনে বসিয়ে দেওয়া হয়েছে, যা দেখে তিনি অসুস্থ বোধ করেছেন। যাচাই-বাছাই ছাড়া এমন প্রযুক্তি মানুষের হাতে তুলে দেওয়া সমাজের জন্য অত্যন্ত ভয়ের কারণ।
অফকম যদি তদন্তে দোষ খুঁজে পায়, তবে এক্সকে বিশাল অংকের জরিমানা করা হতে পারে। এমনকি প্রয়োজনে পুরো যুক্তরাজ্যে এই প্ল্যাটফর্মটি ব্লক বা বন্ধ করে দেওয়ার ক্ষমতাও নিয়ন্ত্রক সংস্থার রয়েছে। টেকনোলজি সেক্রেটারি লিজ কেন্ডাল জানিয়েছেন, সরকার অফকমের যে কোনো কঠোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেবে।
এদিকে এক্স ঘোষণা দিয়েছে যে ছবি তৈরির এই ফিচারটি এখন থেকে শুধু টাকা দিয়ে সাবস্ক্রাইব করা গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। তবে ব্রিটিশ সরকার একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। ডাউনিং স্ট্রিট বলছে, এর মাধ্যমে অবৈধ ছবি তৈরির বিষয়টি কেবল একটি প্রিমিয়াম সেবায় রূপান্তর করা হয়েছে, যা অপরাধ বন্ধ করছে না।
#ElonMusk #UKGovernment #AIPolicy #aknews #onebanglanews















