সাইফ হাসান: দেশের বাজারে সোনার দামে আবারও বড় ধরণের উল্লম্ফন দেখা দিয়েছে। টানা তিন দিন দাম বাড়ার পর এবার এক ভরি সোনার দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস বুধবার রাতে এই নতুন দামের ঘোষণা দিয়েছে। এক লাফে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় এবং বিশ্ববাজারে খাঁটি সোনার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮০০ ডলারে পৌঁছেছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। মাত্র তিন দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে মোট ১৩ হাজার ৫৮৮ টাকা বেড়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা হয়েছে। এমনকি সনাতন পদ্ধতির সোনার ভরিও এখন ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় দাঁড়িয়েছে।
সোনার পাশাপাশি রূপার বাজারেও আগুন লেগেছে। ২২ ক্যারেট রূপার দাম ভরিতে ২৯২ টাকা বেড়ে ৬ হাজার ৮৮২ টাকা হয়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। বিয়ের মৌসুম বা সাধারণ কেনাকাটায় এই আকাশচুম্বী দাম মধ্যবিত্তের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
#সোনা #বাজার_দর #বাংলাদেশ #অর্থনীতি #বাণিজ্য #aknews #onebanglanews















