লন্ডনে অবৈধ কার রেসিং বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

36

সাইফ হাসান: লন্ডনের এনফিল্ডে অবৈধ গাড়ির সমাবেশ বা স্ট্রিট রেসিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে হাইকোর্ট। আদালতের নির্দেশে এই ধরণের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। এর ফলে পুলিশ ও কাউন্সিল এখন বিপজ্জনক ড্রাইভিং রুখতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনফিল্ড কাউন্সিল জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে রাস্তায় গাড়ি নিয়ে রেস করা বা স্টান্ট দেখানো কঠোরভাবে দমন করা যাবে। তথাকথিত ‘কার ক্রুজিং’ বা দলবেঁধে গাড়ি চালানোর মতো বিপজ্জনক কাজগুলো এখন আর কেউ করতে পারবে না। ২০২৫ সালের ডিসেম্বরের রিভিউর পর পুলিশ ও কাউন্সিলকে এ বিষয়ে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তারা অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পারে।

কাউন্সিলর জিনা নিডস বলেছেন, অতিরিক্ত গতি ও শব্দ দূষণ কমানোর জন্য এটি একটি অন্যতম বড় পদক্ষেপ। তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞা সড়ক নিরাপত্তা ও সমাজের মঙ্গলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে এবং তারা বাসিন্দাদের সুরক্ষায় সব আইনি ক্ষমতা ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪ সালের ডিসেম্বরে এই নিয়ম চালু হওয়ার পর থেকে বিপজ্জনক ড্রাইভিং ও শব্দ দূষণ অনেকটাই কমে এসেছে বলে কাউন্সিল হাইকোর্টকে প্রমাণ দিতে পেরেছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে তাকে গ্রেপ্তার বা বড় অঙ্কের জরিমানা করা হতে পারে, এমনকি জেলেও যেতে হতে পারে।

#লন্ডন #কার_রেসিং #হাইকোর্ট #aknews #onebanglanews